পৃথক ঘটনায় নিহত ৪

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:১৫
উত্তরা, রামপুরা, খিলক্ষেত ও যাত্রাবাড়িতে বুধবার পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যাত্রাবাড়ির কুতুবখালীতে জামিরুল নামে এক পত্রিকা বিক্রেতা গাড়ি চাপায় নিহত হয়েছেন। যাত্রাবাড়ি থানার এক এসআই জানান, রাস্তায় দুইটি গাড়ি একটি অপরটিকে ছাড়িয়ে যেতে প্রতিযোগিতায় নামে। জামিরুল ঐ দুই গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন। পরে উত্তেজিত জনতা একটি গাড়ি ভাংচুর করে। নিহত জামিরুলের বাড়ি হবিগঞ্জে। পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এদিকে উত্তরায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পশ্চিম থানার এক এসআই জানান, স্থানীয় মসজিদের মুসল্লিরা ভোরে ওই ব্যক্তির রক্তাক্ত লাশ দেখে পুলিশকে জানায়। সকালে উত্তরার ১০ নম্বর সেক্টর রানাভোলা এ্যাভিনিউয়ের একটি প্লট থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে। তার পরনে ছিল নীল রঙ্গের জিন্সের প্যান্ট ও লাল টিশার্ট। অন্যদিকে রামপুরায় মিনহাজ নামে এক গৃহশিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার পূর্ব রামপুরার বাসার নিচতলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রামপুরা থানার এক এসআই জানান, ধারণা করা হচ্ছে মিনহাজ রাতে কোনো এক সময়ে স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে তাকে হত্যা করা হয়েছে কি না। তার বাড়ি যশোরের শার্শা থানার উড়াশি গ্রামে। এ ঘটনায় বিউটি নামে এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া খিলক্ষেত এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। ভোরে খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। খিলক্ষেত থানার এক এসআই জানান, নিহত ব্যক্তির পরনে ছিল চেক লুঙ্গি ও খয়েরি রংয়ের নীল শার্ট।