ডা. মোড়ল নজরুল ইসলাম
আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। প্রত্যেক ঈমানদার মুসলিম নর-নারী রোজা পালন করে থাকেন। অনেকে ডায়াবেটিস, হূদরোগ, কিডনি সমস্যাসহ নানা অসুস্থতার মধ্যেও রোজা পালন করে থাকেন। রোজাদারগণ যাতে সুস্থভাবে রোজা পালন করতে পারেন তার জন্য পরিমিত, স্বাস্থ্যসম্মত ইফতারি ও সেহরির খাবার আহার করা প্রয়োজন। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত ও উচ্চ রক্তচাপ এবং কিডনির সমস্যায় ভুগছেন তাদের সংশ্লিষ্ট চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের সময়সূচি ও ওষুধের ডোজ পরিবর্তন করে নেয়া দরকার। এছাড়া যাদের গ্যাসট্রিক আলসার আছে তারা দিনে ২ বার ওষুধের পরিবর্তে দিনে ১ বার ওষুধ সেবন করলেও চলে। এছাড়া মনে রাখতে হবে যাদের এলার্জি আছে এবং গ্যাসট্রিক আলসার অথবা গ্যাস্ট্রাইটিস আছে তাদের ইফতারির সময় অধিক তেলেভাজা খাবার কম আহার করা ভালো। পাশাপাশি মনে রাখতে হবে রোজাদারদের সারাদিন কোন পানি বা পানীয় পান না করার কারণে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হতে পারে। তাই ইফতারি ও সেহেরির সময় প্রচুর পানি, ফলমূল আহার করা উচিত। তবে অধিক চিনিযুক্ত শরবত পান না করা ভালো। এতে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। তাই রমজানে পরিমিত ও নিয়ম মাফিক আহার করা উচিত। এতে সুস্থভাবে রোজা পালন করতে সুবিধা হবে। লেখক:চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
