মনপুরার পাশে মেঘনায় জলদস্যুদের তাণ্ডব

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:৪২
ভোলার মনপুরা উপজেলার তিন নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চর নিজামের দক্ষিণ-পূর্ব পাশে মেঘনায় গত মঙ্গলবার দিবাগত রাতে জলদস্যু সম্রাট কালাম বাহিনী হামলা চালিয়ে তিন জেলেসহ একটি মাছ ধরা ট্রলার নিয়ে গেছে। তাদের হামলায় বোটে থাকা ২০ জেলে আহত হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ মোমিন চেরাংকে (২৫) মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হারুন চেরাং, মামুন, নূর ইসলাম, শামিম, আব্বাস, গিয়াসউদ্দিন, হারুন. ফারুক, মফিজ, আবদুল, রহিম, শাহিনসহ কয়েকজন জলদস্যুদের মারপিটে আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মেঘনায় ইলিশ মাছ ধরার সময় পরপর দুইটি ট্রলারে এ হামলার ঘটনা ঘটে। জলদস্যুরা যাদের অপহরণ করেছে তারা হলেন, ফারুক মাঝি, আলাউদ্দিন ও নজরুল। অপহূতদের জন্য এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, জলদস্যুদের হামলার ঘটনা আমার এলাকায় ঘটেনি। তবে জেলেরা আমার এলাকার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার প্রেক্ষাপটে কোন মামলা হয়নি।