আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলায় গতকাল বুধবার বিকালে মোস্তাক (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উভয় গ্রুপের সদস্যদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের মোস্তাক গ্রুপের সাথে আলমগীর গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মোস্তাক গতকাল বিকালে উপজেলার উত্তর রামপুর এলাকায় যায়। এ সময় আলমগীর গ্রুপের সদস্যরা মোস্তাকের ওপর অতর্কিত হামলা করে তাকে কুপিয়ে হত্যা করে। নিহত মোস্তাকের বাড়ি উপজেলার জাঙ্গালিয়া এলাকায়। সদর দক্ষিণ মডেল থানার ওসি আইনুল হক বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মোস্তাকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
