পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯ আহত ১৮

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:০৮
গত দুইদিনে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রাবি (রাজশাহী) \ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন বাসের সাথে ইমা গাড়ির মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইমা গাড়ির চালক বিরশাদ আলী (৩০) নিহত হয়েছেন। এছাড়াও অন্তত ১৩ ইমা যাত্রী আহত হয়েছেন বলেন পুলিশ জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের সামনে এ ঘটনা ঘটে। কুমিল্লা \ কুমিল্লায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিত্সক ও মেডিক্যালের ছাত্রসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর এলাকায় বুধবার গভীর রাতে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ও কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের ছাত্র আবু আবদুল্লাহ আসলাম (২৪) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি নগরীর দক্ষিণ চর্থা এলাকায়। গুরুতর আহত মোটর সাইকেলের অপর দুই আরোহী একই মেডিক্যাল কলেজের চিকিত্সক ও জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকার ডা. আতিকুর রহমান সুমন নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে এবং তাদের বন্ধু নগরীর চর্থার জনি (২৭) গতকাল বৃহস্পতিবার ভোরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও মোটর সাইকেল উদ্ধার করে এনে ফাঁড়িতে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের শৈলকুপায় একটি বিআরটিসি বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের ২ জন যাত্রী নিহত ও দু’জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের হাকিম মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম মণ্ডল (৫০) ও সাধুহাটি গ্রামের মন্টুর ছেলে নান্টু (৩৫ )। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইজি বাইকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে কিশোরগঞ্জগামী বিআরটিসি’র একটি বাস চাপা দেয়। মধুখালী (ফরিদপুর) \ গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আলতুখান জুটমিল এলাকায় ছ্যানখালী ব্রিজের আগে একটি আম বোঝাই মিনি ট্রাক ও অপর একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মিনিট্রাকের ড্রাইভার নিহত হয় এবং অপর তিন ব্যক্তি আহত হয়েছে। নিহত ড্রাইভারে নাম তাজুল ইসলাম (২২) পিং- হান্নান শেখ পুরান মানিকদি গোপালগঞ্জ। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। নিহত তাজুলের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করেছে। ঘোড়াঘাট (দিনাজপুর) \ বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঘোড়াঘাট দিনাজপুর সড়কে ঘোড়াঘাট সীমানা সংলগ্ন শৌলা নামক স্থানে একটি চাল ভর্তি ট্রাক ১টি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলে অবস্থানরত দু’জনই নিহত হয়। মোটর সাইকেল আরোহী দুই বন্ধু ভাদুরিয়া যাচ্ছিল। নিহতরা হলো ঘোড়াঘাট উপজেলার বেলওয়া গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের পুত্র মিলন মণ্ডল (২৪) ও লোহারবন্দ গ্রামের আব্দুর রউফ মাস্টারের পুত্র মাহফুজার (২৫)।