সিরাজদিখানে স্ত্রীর সামনে স্বামী খুন

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:০৮
সিরাজদিখান উপজেলার কার্তিকপুর গ্রামে স্ত্রীর হাত-মুখ বেঁধে তার চোখের সামনে দুর্বৃত্তরা খুন করেছে স্বামী নূরুল ইসলামকে (৩৫) । সে উপজেলার চিত্তকোর্ট ইউনিয়নের কার্তিকপুর গ্রামের ওমর আলীর পুত্র। দুর্বৃত্তের ছুরির কোপে আহত হয়েছে স্ত্রী কোহিনূর বেগম (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারাম বাজারের কুলি ও মাদক ব্যবসায়ী নূরুল ইসলামের ঘরে বুধবার রাতে একদল দুর্বৃত্ত ঢুকে তার স্ত্রীর হাত-মুখ স্কচ টেপ দিয়ে বেঁধে ফেলে। এ সময় তারা স্ত্রীর সামনেই নূরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় তারা স্ত্রী কোহিনূর বেগমকে ছুরি দিয়ে আঘাত করলে সেও আহত হয়। সিরাজদিখান থানার এসআই ইলিয়াস জানান, বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার কারণেই সে খুন হয়ে থাকতে পারে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলার প্রস্তুতি চলছে।