শিশুদের রান্নায় মুগ্ধ মিশেল
ভারতীয় বংশোদ্ভূত শিশুদের হাতের রান্না খেয়ে অভিভূত হলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। মঙ্গলবার হোয়াইট হাউসে স্টেট ডিনারের আয়োজন করেছিলেন তিনি। সেখানে অংশ নিয়েছিল ১৩ হাজার শিশু। তাদের মধ্য থেকেই সেরার শিরোপা ছিনিয়ে নেয় ছয়জন। এরা হলো : অনিশা প্যাটেল, গণেশ, দেবাংশি, সেলজো, বিজয় ও শেফালী সিং । মিশেল ওবামা বলেন, এই ছোট্ট শিশুরা এত সুন্দর রান্না করতে পারবে এটা আমি ভাবতেই পারিনি। ওদের তৈরি করা খাবার খেয়ে আমি সত্যিই মুগ্ধ।—পিটিআই
আফগানিস্তানে রিয়েলিটি শো
আফগানিস্তানের নাম শুনলেই রক্ষণশীল ও যুদ্ধবিধ্বস্ত একটি দেশের কথা মনে হয়। চোখের সামনে ভেসে উঠে দুঃখ ভারাক্রান্ত মানুষের ছবি। কিন্তু দিন বদলাচ্ছে দেশটিতে। সেখানকার টেলিভিশন চ্যানেলগুলোতে এসেছে পরিবর্তনের ছোঁয়া। ২০০৫ সাল থেকেই আফগান একটি চ্যানেলে দেখানো হচ্ছে ‘আমেরিকান আইডল’-এর আদলে তৈরি ‘আফগান স্টার’ নামের একটি রিয়েলিটি শো। এরপর শুরু হয় আরেকটি রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’। আর এবার শোনা যাচ্ছে আগামী অক্টোবর থেকে ওয়ানটিভিতে শুরু হবে ‘গট ট্যালেন্ট’ নামের আরেকটি রিয়েলিটি শো।—ডয়েচে ভেলে
কুকুরের মাধ্যমে মাদক পাচার
মাদক পাচার নতুন কোন বিষয় নয়। কিন্তু এবার পাচারকারীরা তাদের খোলস পাল্টে অভিনব উপায়ে এই কাজটি সারছে। তারা এক্ষেত্রে কুকুরকে তাদের কার্যসিদ্ধির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। পাচারকারী এই দলটির নাম ‘পানডিলাস’। পুলিশ জানায়, কুকুরগুলোকে প্রথমে কোকেনের প্যাকেট খাইয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে ইটালির মিলানে নিয়ে আসা হয়। এরপর সেগুলোকে হত্যা করে তাদের পেট কেটে কোকেনের প্যাকেটগুলো বের করা হয়। পশু অধিকার কর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।—বিবিসি
বার্ড ফ্লু রোধে সতর্কতা
বার্ড ফ্লু প্রতিরোধে আগাম সতর্কতা নিতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। নকশালবাড়ি লাগোয়া ও নেপালে বার্ড ফ্লুর খবর ছড়িয়ে পড়ায় ওই সতর্কতার সিদ্ধান্ত নেয়া হয়। গত শুক্রবার প্রাণিসম্পদ বিভাগ থেকে চিঠি পাঠিয়ে এ কথা জানানো হয়েছে। সেইসঙ্গে নেপাল থেকে কোন পোলট্রি গাড়ি যাতে এলাকায় প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়। কর্তৃপক্ষ জানান, কোথাও বার্ড ফ্লু হলে তার ১০ কিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে সতর্কতা ব্যবস্থা নিতে বলা হয়েছে।—এএফপি
