ভারতের নন্দিত ঔপন্যাসিক বিক্রম শেঠকে অগ্রিম হিসাবে নেয়া ১৭ লাখ মার্কিন ডলার ফেরত দিতে বলেছে প্রকাশনা সংস্থা হামিশ হ্যামিলটন। ১৯৯৩ সালে প্রকাশিত তার দীর্ঘ উপন্যাস ‘অ্যা সুয়েটেবল বয়’ এর সিক্যুয়াল উপন্যাসের জন্য ওই অর্থ অগ্রিম নিয়েছিলেন শেঠ।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। মঙ্গলবার মুম্বাই মিরর বিক্রম শেঠের প্রতিনিধিকে উদ্ধৃত করে জানিয়েছে, বিষয়টি সুরাহার জন্য অর্থাত্ নতুন উপন্যাসের পাণ্ডুলিপি দিতে বিলম্ব হওয়ার ব্যাপারে প্রকাশনা প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। শেঠের প্রতিনিধি ডেভিড গডউইন বলেন, “এটি বলা সমীচীন নয় যে, চুক্তিটি বাতিল হয়ে গেছে।” “নতুন উপন্যাসের জন্য কতটুকু সময় লাগবে বিক্রম তা জানে। আমাদের লক্ষ্য হচ্ছে হামিশের সঙ্গে নতুন তারিখ নির্ধারণ করা।” ‘অ্যা সুয়েটেবল বয়’ উপন্যাসকে সমকালীন ক্ল্যাসিক বলে বিবেচনা করা হয়। ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ে লতা ও তার স্বামীর সংগ্রামকে উপজীব্য করে ১৩শ’ পৃষ্ঠার উপন্যাস এটি। এর সিক্যুয়াল হিসেবে বিক্রম শেঠের ‘অ্যা সুয়েটেবল গার্ল’ এ বছরের পর প্রকাশ পাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। এই উপন্যাসে লতাকে সমকালীন ভারতে স্থাপন করে কয়েক দশকে দেশটির পরিবর্তনকে কেন্দ্র করে রচিত হচ্ছে।
