জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈরুতে মঙ্গলবারের বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সিরীয় সংঘাতের ফলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে পরিষদ। এএফপির এক খবরে বলা হয়েছে, ১৫ জাতির এই পরিষদ ক্রমবর্ধমান আন্তঃসীমান্ত আক্রমণ সত্ত্বেও সিরীয় যুুদ্ধ থেকে নিজেদের দূরে থাকার জন্য সকল পক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছে। লেবাননে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। নিরাপত্তা পরিষদ ‘এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা’ জানিয়েছে।
সিরীয় যুদ্ধ শুরু হবার পর লেবাননের শিয়া চরমপন্থী সংগঠন হিজবুল্লাহ ঘাঁটিতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। শক্তিশালী গাড়ি বোমা হামলাটিতে অন্তত ৫৩ জন আহত হয়েছে। নিরাপত্তা পরিষদ একে ‘বর্বরোচিত ঘটনা’ উল্লেখ করে দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা লেবাননের স্থিতিশীলতা বিনষ্টের অপতত্পরতার মুখে জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।’ নিরাপত্তা পরিষদ ‘সিরিয়া সংকট থেকে দূরে থাকা ও সিরীয় যুদ্ধে জড়িত না হওয়ার লেবাননের নীতির প্রতি সম্মান জানানোর গুরুত্বের ওপর জোর দেয়।’ বিবৃতিতে হিজবুল্লাহ্ যোদ্ধাদের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে সিরিয়া যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কিছু বলা হয়নি। যদিও যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলো এর নিন্দা জানায়।
