বাঘাইছড়িতে অপহূত ঠিকাদারী প্রতিষ্ঠানের ৪ কর্মী উদ্ধার পায়নি

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:৫৮
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অপহূত টেলিটকের ঠিকাদারী প্রতিষ্ঠান বি টেকনোলোজির ৪ কর্মী এখনো উদ্ধার হননি। গত চার দিন ধরে তাদের পরিবার-পরিজন উদ্বেগে দিন কাটাচ্ছে।এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ। এ দিকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আটক করা টেলিটকের স্থানীয় কর্মী মন্টু চাকমাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ। রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, অপহরণকারীরা বারিবিন্দু ঘাট থেকে কর্মীদের গহীন জঙ্গলে নিয়ে গেছে বলে তারা ধারণা করছেন। প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার বারবিন্দুঘাট এলাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের টাওয়ার স্থাপনের কাজ করতে গিয়ে অপহূত হন ঠিকাদারি প্রতিষ্ঠান বি-টেকনোলজির সহকারি প্রকৌশলী ‘আকতার হোসেন, কারিগরি প্রকৌশলী হেমায়েত হোসেন, ইমরুল ও কর্মী সুজা।