সাবেক চেলসি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা তার নিজের দেশ আইভরি কোস্টে শিশু ও মহিলাদের স্বাস্থ্য সেবার জন্য পাঁচটি হাসপাতাল গড়ার ঘোষণা দিয়েছেন।
দিদিয়ের দ্রগবা ফাউন্ডেশনের সম্পাদক গাই রোলান্ড তানোহ এ সপ্তাহের শুরুতে রাজধানী আবিদজানে এ ঘোষণা দেন। রোলান্ড জানান, এ কর্মসূচিতে স্থানীয় মুদ্রায় আড়াইশ কোটি সিএফএ ফ্রাংক (৫০ লাখ ডলার) বিনিয়োগ করা হবে। দ্রগবার পরিকল্পনা অনুযায়ী পশ্চিম আফ্রিকার দেশটির পাঁচ শহর আবিদজান, ইয়ামোউসোউকরো, মান, কোরহোগো ও সান পেদরোতে একটি করে কেন্দ্র থাকবে।
রোলান্ড বলেন, ‘লন্ডনে অনুষ্ঠিত এক অনুষ্ঠান আমাদেরকে ২০০ কোটি ফ্রাংক (৪০ লাখ ডলার) ওঠাতে সাহায্য করেছে। এছাড়া অপর ১০ লাখ ডলার জোগাড় করা কোন সমস্যা হবে না। কারণ এটা দ্রগবার হূদয়ের সবচাইতে বড় চাওয়া।’
ফাউন্ডেশনটি ২০০৭ সালে প্রতিষ্ঠা করা হয় এবং এর এক বছর পরই ৩০ লাখ পাউন্ডের একটি হাসপাতাল বানানোর কথা ছিল। কিন্তু সেটি এখনো বাস্তবায়িত হয়নি। রোলান্ড অবশ্য সেটি কি বর্তমান পরিকল্পনায় যে পাঁচ হাসপাতাল করার কথা তার অংশ কিনা। যদিও বর্তমানে তুরস্কের গালাতাসারায়ের খেলোয়াড় ৩৫ বছর বয়সী দ্রগবা জানিয়েছিলেন ৩০ লাখ ডলার পেপসির সাথে তার ইমেজ স্বত্ব থেকে পাওয়া যাবে। সুপারস্পোর্ট।
