বিএনপির অনুকরণে দল গঠনের অভিযোগ বিএনএফের বিরুদ্ধে

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:২০
নিবন্ধনের জন্য আবেদন করা বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) নালিশ জানালো প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির লোগো, কর্মসূচি ও জিয়াউর রহমানের নাম ব্যবহার করে এই নতুন রাজনৈতিক দলটি ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে বিএনপির অনুকরণ করে আবেদনকৃত বিএনএফ দলটির নিবন্ধন না দেয়ার জন্য কমিশনের কাছে সুপারিশ করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এসে এই অভিযোগ দায়ের করে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত্ শেষে এমকে আনোয়ার সাংবাদিকদের বলেন, ১/১১ সরকারের আমলে বিএনপি’কে ভাঙার চেষ্টা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় বিশেষ কিছু সংস্থার সহযোগিতায় কতিপয় ব্যক্তি এমন অপতত্পরতায় লিপ্ত হয়েছে। বিএনএফ নামের একটি দল নিবন্ধন পেতে কমিশনে আবেদন জানিয়েছে। তারা জিয়াউর রহমানের ছবি, ১৯ দফা কর্মসূচি এবং দলীয় প্রতীক ধানের শীষের আদলে ‘গমের ছড়া’ ব্যবহার করছে। এর মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই সংগঠনের পোস্টারটি সিইসিকে দেখানোর পরে তিনি নিজেও বিভ্রান্ত হয়েছেন বলে এমকে আনোয়ার জানান। তিনি বলেন, সিইসি তাদের আশ্বস্ত করেছেন চূড়ান্ত নিবন্ধন পাওয়ার আগে এসব বিষয় অবশ্যই কমিশন খতিয়ে দেখবে। এমকে আনোয়ার বলেন, নিবন্ধনের জন্য আবেদিত বিএনএফ বিএনপির সঙ্গে সম্পর্কিত নয়। অথচ দলটি বিএনপির সঙ্গে সম্পর্কিত এমন ধোঁকা দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ও ১৯ দফা ব্যবহার করছে। তিনি বিএনএফের পোস্টার তুলে ধরে সাংবাদিকদের দেখান; যার ওপরে বিসমিল্লাহির রহমানের রহিম ও জিয়াউর রহমানের ছবি রয়েছে। বিএনপির পোস্টারের রং ও ডিজাইন ব্যবহার করা হয়েছে। লোগো ও প্রতীক হিসেবে সব কিছু একই রেখে কেবল ধানের শীষের স্থলে গমের শীষ রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম এই সংগঠনের সঙ্গে রয়েছেন। আর কারা আছেন তা তিনি সঠিকভাবে চিহ্নিত করতে পারেননি। বিএনপি সরকারের আমলে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাহানারা বেগম প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। প্রতিনিধি দলে আরো ছিলেন যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিরোধী দলীয় ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সাবেক এমপি আলী নেওয়াজ খৈয়াম। উল্লেখ্য, নির্বাচন কমিশনে আবেদনকৃত দলগুলোর মধ্যে যে দু’টি দলের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত রয়েছে তার মধ্যে বিএনএফ অন্যতম। কমিশনের আবেদনে দলের প্রধান সমন্বয়কারী হিসাবে উল্লেখ করা হয়েছে আবুল কালাম আজাদের নাম।