বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটিতে হচ্ছে হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:২২
প্রায় ১০০০ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১০০০ শয্যাবিশিষ্ট একটি মাল্টি-ডিসিপ্লিনারি ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাক-জরিপের কাজ সম্পন্ন করতে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে কোরিয়ান সরকারের ইকোনোমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং কোরিয়ান সরকারের পক্ষে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব কোরিয়ার ইডিসিএফ অপারেশন্স ডিপার্টমেন্টের মিশন লিডার সুজেয়ং চোই স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি (ইআরডি) তাজকেরা খাতুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি চিফ মো. ইউনুস মিয়া, বিএসএমএমইউ’র নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ প্রমুখ। চুক্তি অনুসারে আগামী ৫ মাসের মধ্যে প্রাক-জরিপের কাজ সম্পন্ন হওয়ার কথা এবং ২০১৭ সালে সুপার স্পেশালাইজড হাসপাতালটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। ১০০০ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারি ও সুপার স্পেশালাইজড এ হাসপাতালটিতেও বিশ্ববিদ্যালয়ের (বর্তমান) হাসপাতালের রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা অব্যাহত রাখাসহ দরিদ্র রোগীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ হাসপাতালটিতে আরো থাকবে উন্নত জরুরি চিকিত্সা ব্যবস্থাসহ স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা। হাসপাতালটিতে থাকবে ১০০ বেডের আইসিইউ, ৫০ বেডের সিসিইউ, ৫০ বেডের এইচডিইউ, ৫০ বেডের এনআইসিইউ, ৫০ বেডের পিআইসিইউ, ১০টি মডিউলার অপারেশন থিয়েটার কমপ্লেক্স, বোন ম্যারো ট্রান্সপ্ল্যানটেশন ইউনিট, হেপাটোবিলিয়ারি সার্জারি উয়িথ ট্রান্সপ্ল্যানটেশন ইউনিট, রেনাল ট্রান্সপ্ল্যানটেশন ইউনিট ও নিউরোসার্জারি ইউনিট।