শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কর্মবিরতির কাল

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:২২
শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র রমজানে ছুটি সম্পর্কে শিক্ষামন্ত্রীর বিভ্রান্তিমূলক আদেশের প্রতিবাদে আগামীকাল কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। একই সঙ্গে রমজানের ছুটি বারবার পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে কর্মবিরতির ঘোষণার পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, জোটভুক্ত শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম ও মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, অধ্যক্ষ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রিন্সিপাল শামসুল হক ও মহাসচিব ড. মাহবুবুর রহমান মোল্লা, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা মো. দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. ইব্রাহীম ও মহাসচিব মো. জাকির হোসেন, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান মিজান ও মহাসচিব আজিজুল হক রাজা। উল্লেখ্য, প্রথম দফা রমজান ও ঈদ উপলক্ষে ১১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত ছুটির ঘোষণা দেয়া হলেও দ্বিতীয় দফায় ১৭ দিন ছুটি কমিয়ে তা নির্ধারণ করা হয় ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত। সর্বশেষ এ ছুটির ঘোষণা দেয়া হয়েছে ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত।—প্রেস বিজ্ঞপ্তি