দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি যানজট

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:২৮
বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চালকসহ পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে দুইঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় কুমিল্লার ময়নামতি থেকে দাউদকান্দি উপজেলার রায়পুর পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, মিজানুর রহমান জানান, ভোরে মহাসড়কের চান্দিনা উপজেলার বাসস্ট্যান্ডের নিকট একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনার ফলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাতটায় দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে সরিয়ে নেয়া হয়। এরপর সকাল সাড়ে সাতটায় মাধাইয়ার বাজারের নিকট ট্রাক ও কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবারো উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক হতে না হতেই চান্দিনা বাজারের নিকট মালবোঝাই একটি কভারভ্যান মাঝপথে বিকল হয়ে পড়ে। ইলিয়টগঞ্জ ও ময়নামতি হাইওয়ে পুলিশ রেকার দিয়ে বিকল হওয়া কভারভ্যানটি সরিয়ে নিলে দুপুর ১২টার পর ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু করে।