যান চলাচলের জন্য চট্টগ্রামে বাকলিয়ার মাস্টারপুল ব্রীজ উন্মুক্ত

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:২৮
মহানগরীর জনবহুল এলাকা বাকলিয়া চাক্তাই খালের উপর নবনির্মিত মাস্টারপুলে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম ফলক উন্মোচন করে মাস্টারপুল ব্রীজের উদ্বোধন করেন। সরকারের বাণিজ্যিক রাজধানী প্রকল্পের অধীনে নবনির্মিত এই ব্রীজটি নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয় করেছে। ব্রীজটির দৈর্ঘ্য ৬০ ফুট এবং ফুটপাতসহ প্রস্থ ৩৪ ফুট। এসময় মেয়র বলেন, মাস্টারপুল ব্রীজটি নির্মাণের সময়ে বাকলিয়াসহ আশপাশের এলাকাবাসীকে বেশ কিছু সময় চলাচলের ক্ষেত্রে সাময়িক সমস্যা পোহাতে হয়েছে। এ জন্য তিনি এলাকার জনসাধারণের প্রতি দুঃখ প্রকাশ করে উন্নয়নের স্বার্থে সাময়িক এই কষ্ট মেনে নেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এই ব্রীজটি নির্মাণের ফলে নগরীর বাকলিয়া, বলুয়ারদীঘি, কোরবানীগঞ্জ, মিয়াখান নগর, দেওয়ান বাজার, আন্দরকিল্লাসহ তত্সংলগ্ন অন্যান্য এলাকার যানজট ও জলাবদ্ধতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, জহুর লাল হাজারী প্রমুখ।