নগরীর কর্ণফুলি থানাধীন মইজ্যারটেক এলাকায় এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে বিদেশী অত্যাধুনিক একে ২২ রাইফেল, ৮ রাউন্ড কার্তুজ ও দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তবে রাইফেল বহনকারী ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ। গত বুধবার রাতে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কক্সবাজারের দিক থেকে আসা একটি বাস থেকে স্কুলব্যাগ কাঁধে নিয়ে এক লোক মইজ্যারটেক এলাকায় একটি সিএনজি স্টেশনের সামনে নামেন। সেখানে নিয়মিত চেকপোস্টে কর্তব্যরত পুলিশ ওই ব্যাগে কি আছে তা জানতে চাইলে লোকটি ব্যাগ ফেলে দ্রুত অন্য একটি বাসে উঠে পালিয়ে যায়। এসময় পুলিশ ব্যাগটি তল্লাশি করে একটি একে ২২ রাইফেল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে।
পুলিশের একটি সূত্র জানায়, একে ৪৭ মডেলের অত্যাধুনিক মরণাস্ত্রের সর্বশেষ ও সর্বাধুনিক ভার্সন হচ্ছে একে ২২ রাইফেল। এর গুলি খুবই ছোট। স্বল্প দূরত্ব থেকে যুদ্ধ করার জন্য এ অস্ত্রটি খুবই উপযোগী। সাধারণত সামরিক বাহিনীর সদস্যরা এ ধরনের অস্ত্র ব্যবহার করেন। তাদের পোশাকের রংয়ের সঙ্গে মিল রেখে এসব ?অস্ত্র তৈরি করা হয়।
