বুধবার রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী -ুমঠবাড়িয়া সড়কের বোথলা বাজারে সংবাদপত্রের বরিশাল বিভাগীয় এজেন্ট আলম বুক স্টলের সংবাদপত্র সরবরাহের গাড়ি ভাংচুর ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বোথলা গ্রামের সুমন (২২) ও বাবু (২৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। জানা গেছে, বুধবার বরিশাল থেকে দক্ষিণাঞ্চলে সংবাদপত্র সরবরাহকারী পিকআপ গাড়িটি মঠবাড়িয়া থেকে বরিশাল যাওয়ার পথে বোথলা বাজারে আসলে স্থানীয় সড়কে কাঠের টুকরা ফেলে গাড়ির গতি রোধ করে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে । চালক টাকা দিতে অসম্মতি জানালে সন্ত্রাসী দলটি সংবাদপত্রের গাড়ি চালক মো. শাহিনের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে এবং গাড়িটি ভাংচুর করায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। এ সময় তার কাছে থাকা এ অঞ্চলের পত্রিকা এজেন্টদের কাছ থেকে পাওনা বাবদ আদায়কৃত ৫২ হাজার টাকা, ১টি মোবাইল সেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছিনতাই করে নিয়ে যায়। ঐ সময় খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িসহ চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার চালক শাহিন মুন্সী বাদি হয়ে ভাণ্ডারিয়া থানায় ১৪ জনকে ও অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
