শ্রীনগর সরকারি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হচ্ছেন- শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ শিকদার পনির ও শ্রীনগর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্যারট।
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সুমন জানান, শিক্ষককে লাঞ্ছিত করায় সর্বসম্মতিক্রমে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কলেজটির উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া জানান, স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বুধবারের এই ঘটনায় তাত্ক্ষণিক ঢাকা থেকে এসে লাঞ্ছনার শিকার অধ্যক্ষ বিদ্যুত্ কুমার সাহার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সুকুমার রঞ্জন ঘোষ এমপি জানান, শিক্ষাগুরুকে লাঞ্ছিত করা কোনভাবেই সহ্য করা যায় না। শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, কলেজ অধ্যক্ষ দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে ঐ ঘটনার প্রতিবাদে শিক্ষকগণ বৃহস্পতিবার ক্লাস বর্জন করেছেন।
