দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে, তবে অবস্থা সংকটজনক। এক মাসের বেশি সময় ধরে রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ম্যান্ডেলা চিকিত্সাধীন রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা। গত বুধবার তিনি ম্যান্ডেলাকে দেখতে হাসপাতালে যান। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত ম্যান্ডেলাকে ৮ জুন হাসপাতালে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। খবর বিবিসির।
শান্তিতে নোবেল বিজয়ী ম্যান্ডেলাকে গত বুধবার দেখতে গিয়েছিলেন তার গোত্র থেম্বু উপজাতির রাজা বুয়িলেখায়া দালিনদেবো। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, ম্যান্ডেলা তার সঙ্গে কথা বলতে না পারলেও চোখ ঘুরানোর মতো ইঙ্গিত করে বুঝান যে, ম্যান্ডেলা তাকে চিনতে পেরেছেন।
