নোবিপ্রবিতে ২৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল ও সহকারী রেজিস্ট্রার সাসপেন্ড

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২৩:১৮
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ভর্তি হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া মাইগ্রেশন বাতিল করা হয়েছে ২ শিক্ষার্থীর। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবদুর রহিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্বদ্যািলয়ের জনসংযোগ শাখা ও রেজিস্ট্রার দপ্তর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিভিন্ন বিভাগে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন—মাজহারুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল আজিজ, মো. রকিবুল হাসান, সত্যম সরকার, শারমিন জাহান, প্রমা সাহা, তাসমিয়া ফারজানা, সাবিনা ইয়াসমিন, আবু জোবায়ের তানজিন, ইফতেখার আহমেদ চৌধুরী, মোছাম্মাত্ শারমিন আক্তার, রিয়া পাল, মৌমিতা সাহা, মুনতাসির মোহাম্মদ সাজ্জাদ, এসএম আশিকুর রহমান, জাহিদ হাসান, আতিউল আলম মাহাদি, সৈয়দ ফখরুল আলম, মো. জাকির হোসেন, তরিকুল ইসলাম, মো. আবু নোমান, মশিউর রহমান চৌধুরী, গোলাম আলম জনি, মোহাম্মদ জাবেদ হোসেন, মো. মিনহাজুল আবেদিন, মাহবুবুর রহমান। এছাড়া আতিকুর রহমান এবং ইকনোমিক্স এন্ড পোভার্টি স্টাডিজ থেকে বিবিএ’তে মাইগ্রেশন করা শামীম আলম ও মোস্তফা জামালের মাইগ্রেশন বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক ফেল করা পরীক্ষার্থীকে ভর্তি করা হয়েছে বলে গত ১৭ জুন নাম-ঠিকানাবিহীন একটি অভিযোগপত্র পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আবুল হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটি গতকাল তাদের পেশ করা রিপোর্টে অবৈধভাবে ২৮জন শিক্ষার্থীকে ভর্তি ও ২ শিক্ষার্থীকে মাইগ্রেশন করা হয়েছে বলে উল্লেখ করে।