খুলনায় ২ সপ্তাহের মধ্যে ঊর্ধ্বমুখী চালের বাজার আবার নিম্নমুখী হতে শুরু করেছে। এ অঞ্চলে গত মে ও জুন মাসে চালের বাজার বেশ চড়া ছিল। এ সুযোগে আমদানিকারকদের অনেকেই ভারত থেকে চাল আমদানি করে। বেনাপোল ও ভোমরা স্থল বন্দর দিয়ে গত ২-৩ সপ্তাহে আসা চাল দক্ষিণাঞ্চলের বিভিন্ন আড়তদার ও পাইকারি বাজারে ছড়িয়ে পড়ে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে চালের দাম কমতে শুরু করে। এ কারণে স্থানীয় বাজারে ধানের দামও পড়ে গেছে। বোরো ধানের দাম মণে ৮০ থেকে ১০০ টাকা কমে গেছে। অবশ্য রোজায় চালের দাম কমে আসায় সাধারণ ক্রেতারা খুশি। তবে চালের নিম্নমুখী বাজারের কারণে কৃষকরা হতাশ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, মহাসেন ও মে মাসে প্রচণ্ড বৃষ্টির কারণে জেলায় প্রায় ৫২ কোটি টাকা মূল্যের ৪৭ হাজার মেট্রিক টন ফসলের ক্ষতি হয়। এতে অন্তত ২৪ হাজার কৃষক হয়েছে দারুণভাবে ক্ষতিগ্রস্ত। এ সময় জেলায় ৮৫০ বিঘা জমির আউশ আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার সপ্তাহখানেক পর থেকে আমন আবাদ শুরু হবে। দক্ষিণাঞ্চলের কৃষকরা আমনের বীজসহ অন্যান্য উপকরণ কেনার জন্য প্রস্তুতি নিলেও বোরো ধানের নিম্নমুখী বাজার দেখে তারা চিন্তিত।
বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারের ব্যবসায়ী সুধান্য বৈরাগী বলেন, কাচড়া নামের ধান মণ প্রতি এগার’শ টাকা ও জটাই নামক ধান মণ প্রতি আট’শ টাকায় স্থির থাকলেও অন্যান্য ধানের দাম কমে গেছে। এ কারণে আমনের বীজতলা তৈরির জন্য কৃষকরা হাটে ধান নিয়ে এসে হতাশ হয়ে পড়েছে। হাটের ধান ক্রেতা গল্লামারীর অধিবাসী সোহরাব হোসেন বলেন, আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি করায় খুলনার হাটবাজারে ধানের দাম কমেছে।
এদিকে খুলনার বড় বাজারে প্রতিকেজি বালাম ৩৮ টাকার পরিবর্তে ৩৬ টাকা, বালাম (প্রগতি) প্রতি কেজি ৩৬ টাকার পরিবর্তে ৩৫ টাকা, রত্না বালাম ৩৪ টাকার পরিবর্তে ৩০ টাকা এবং কাটারীভোগ ৯০ টাকার পরিবর্তে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অনীল সাহা নামে একজন খুচরা বিক্রেতা জানালেন, রোজার মাসে সাধারণত সব জিনিসের দাম বেড়ে যায়। কিন্তু এবার চালের দাম বেশ কমে যাওয়ায় ক্রেতারা খুবই খুশি।
খাদ্য অধিদপ্তরের সূত্র মতে, খুলনায় বিপুল পরিমাণ চাল-গম মজুদ রয়েছে। জেলার দুটি কেন্দ্রীয় খাদ্য গুদাম ও উপজেলা পর্যায়ের গুদামে প্রায় ২২ হাজার মেট্রিক টন চাল এবং ১২ হাজার ৯০৫ মেট্রিক টন গম মজুদ রয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার জেলায় ৪৭ হাজার ৬৫৫ হেক্টর জমিতে ২ লাখ ৫ হাজার ৬৮০ মেট্রিক টন বোরো ধান উত্পাদিত হয়েছে।
