এতিম ও উলামা মাশায়েখদের সঙ্গে খালেদার ইফতার

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২৩:২৩
গতকাল বৃহস্পতিবার রমজানের পয়লা দিন বেগম খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের নিয়ে এতিম ও উলামা-মাশায়েকদের সঙ্গে ইফতার করেন। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে খালেদা জিয়ার পক্ষ থেকে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তিনি এতিম শিক্ষার্থীদের কাছে গিয়ে কুশল বিনিময় ও তাদের খোঁজ-খবর নেন। ইফতারির আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতারে তেজগাঁওয়ের রহমাতে আলম মিশন, শান্তিনগর ও ফকিরেরপুলের মাদরাসা ও এতিমখানার দেড় শতাধিক এতিম শিক্ষার্থী শরিক হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, সারোয়ারি রহমান, ড. আব্দুল মঈন খানসহ দলের নেতারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতার মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন কয়েকজন এতিম শিক্ষার্থীসহ নরসিংদী জামেয়া কাসেমিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, তামিরুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ মাওলানা জায়নুল আবেদিন, হাটহাজারী মাদরাসার প্রধান মোহাদ্দেস মাওলানা শামসুল আলম, হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা আশরাফ উদ্দিন প্রমুখ।