আজ ১২ জুলাই পাকিস্তানের সাহসী কন্যা মালালা ইউসুফজাইয়ের ১৬ তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে জাতিসংঘে বিশেষ শিক্ষা সম্মেলন আয়োজন করা হয়েছে। বিশ্বব্যাপী সব নারীর জন্য শিক্ষার আহ্বান জানিয়ে তার সম্মানে এই আয়োজন। পাকিস্তানের শিক্ষা অধিকার কর্মী মালালা ২০১২ সালের নভেম্বরে তালেবানের গুরিতে মারাত্মকভাবে আহত হয়। এক পর্যায়ে উন্নত চিকিত্সার জন্য যুক্তরাজ্যে নেয়া হয়। সেখানে সুস্থ হয়ে সে আবার স্কুলে যাওয়া শুরু করে। পাকিস্তানে ফিরে গেলে তালেবান তাকে মেরে ফেলার হুমকি দিলেও সে শিক্ষার আলো ছড়ানোর অঙ্গীকার থেকে পিছপা হয়নি। খবর বিবিসির।
সেই মালালা তার ১৬তম জন্মদিন পালন করবে তার সম্মানে আয়োজিত জাতিসংঘের বিশেষ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে শিক্ষা বিষয়ক বিশেষ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করবে মালালা। তার সঙ্গে যোগ দেবে আরো পাঁচ শতাধিক শিশু। বিশবব্যাপী লাখ লাখ শিশু কীভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তা উঠে আসবে তার প্রবন্ধে। তার অভিজ্ঞতা বিনিময় করবে সবার সঙ্গে।
