প্রথম দিনেই চট্টগ্রামে ইফতারির চড়া দাম

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২৩:২৬
রমজানের প্রথমদিনেই নগরীতে ইফতারির বাজার চড়া দেখা গেছে। বেলা ৩টা থেকেই ইফতার সামগ্রী কেনার জন্য চট্টগ্রামের বিভিন্ন রেস্টুরেন্ট ও রাস্তার পাশে অস্থায়ী দোকানগুলোতে লোকজনের ভিড় জমে। বরাবরের মত এবারও এসব দোকানে মুখরোচক নানা স্বাদের ইফতার সামগ্রী পাওয়া গেলেও দাম ছিল অনেক চড়া। ইচ্ছে থাকা সত্ত্বেও সাধ্য না থাকায় অনেকে মনের মত ইফতার সামগ্রী কিনতে পারেননি। এদিকে ব্যাপক উত্সাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের প্রথম দিন অতিবাহিত হয়েছে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন বয়সের নারী, পুরুষ রমজানের প্রথম দিনে রোজা রাখেন। মধ্যরাতে সেহেরি খাওয়ার জন্য লোকজনকে ঘুম থেকে জাগাতে মসজিদে মসজিদে সাইরেন বাজানো হয়। পাশাপাশি স্থানীয় কিশোর, তরুণেরা দলবেঁধে ঘুরে ঘুরে ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে লোকজনকে সেহেরি খাওয়ার আহ্বান জানান। এর আগে নগরীর বিভিন্ন মসজিদে গত বুধবার রাত থেকেই তারাবির নামাজ শুরু হয়েছে। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তল্লাশি জোরদার করা হয়েছে। প্রথম দিন হওয়ায় গতকাল সকালের দিকে বিভিন্ন অফিস আদালতে উপস্থিতির হার অনেকটা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি স্বাভাবিক হয়ে আসে। স্কুল, কলেজ বন্ধ থাকলেও রমজানের প্রথম দিনে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজট ছিল। ফলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। রমজান মাসের অজুহাতে প্রথম দিন থেকেই নগরীতে রিকশা ও সিএনজি অটোরিকশার ভাড়া বাড়িয়ে দেন চালকরা।