পবিত্র রমজান, জুমা-তুল-বিদা, শব-ই-ক্বদর এবং ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি সকল স্কুল-কলেজ ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত ছুটি থাকবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় ছুটির নতুন প্রজ্ঞাপন জারি করে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী ১১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত রমজান, জুমা-তুল-বিদা, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতরের ছুটি ২৮ দিন নির্ধারিত ছিল। কিন্তু গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ২০১৩ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে ছুটি পুনঃনির্ধারণ করে। এতে ছুটি কমিয়ে ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত করা হয়। এর ফলে ১৭ দিন ছুটি কমে যায়। এ নিয়ে অভিভাবক ও শিক্ষকসহ বিভিন্ন মহল তীব্র আপত্তি জানায়। কয়েকটি শিক্ষক সংগঠন আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছিল। এ পরিপ্রেক্ষিতে সেই আদেশ বাতিল করে গতকাল নতুন আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
