কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার ও চ্যালেঞ্জসমূহ নিয়ে নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে ময়মনসিংহ ও নেত্রকোনার মিডিয়াকর্মীদের সাথে দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নারী প্রগতি সংঘ ও গণস্বাক্ষর অভিযান যৌথভাবে এই মতবিনিয়ম সভার আয়োজন করে। মতবিনিময় সভায় ধারণাপত্রে বলা হয় সবার জন্য শিক্ষার একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হলো কিশোর-কিশোরী। যারা শিক্ষা ও সচেতনতার মাধ্যমে নিজেদের জীবন গড়ার পাশাপাশি আগামী প্রজন্মের নেতৃত্বদানের জন্য তৈরি হয়, তৈরি হয় একজন পূর্ণ মানুষ হিসেবে পারিবারিক ও সামাজিক দায়িত্ব নেবার জন্য। তাই কিশোর-কিশোরীদের পাঠ্যবইয়ের বাইরেও অনেক জীবনসংশ্লিষ্ট জ্ঞান, তথ্য ও দক্ষতা শেখার প্রয়োজন আছে। তেমনি তাদের অভিভাবক, পরিবার, সমাজকে তাদের জন্য প্রয়োজনীয় তথ্য, সেবা সহায়তা দেবার সাথে সাথে জীবনের চ্যালেঞ্জ-ঝুঁকি মোকাবেলার জন্যও তৈরি করে দেয়া প্রয়োজন।
এই লক্ষ্যেই মিডিয়াকর্মীদের সচেতনতামূলক কর্মকাণ্ডের জন্য প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ে ধারণা প্রদান, প্রজনন ও যৌন স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, সাংবাদিকদের বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের প্রজনন ও যৌন স্বাস্থ্য অধিকার বিষয়ে সংবেদনশীল করা এবং প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে তথ্য প্রচার করে অভীষ্ট জনগোষ্ঠীকে সচেতন করার বিষয় নিয়ে ধারণা প্রদান করা হয়।
নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ ব্যবস্থাপক আলী আমজাদ খানের সভাপতিত্বে ও বারহাট্টা কেন্দ ব্যবস্থাপক সুরজিত্ ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন, নেত্রকোনা মা ও শিশু কল্যাণ কেন্দে র মেডিক্যাল অফিসার ডাঃ মাহবুবুর রহমান, গণসাক্ষর অভিযানের প্রোগ্রাম ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শামীম উল মওলা, ময়মনসিংহের দৈনিক জাহান সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন, নেত্রকোনা প্রেসক্লাব সম্পাদক এম, মুখলেছুর রহমান খান, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন, রবীন্দ নাথ পাল, এ. এইচ এম মোতালিব, নজরুল ইসলাম খান, দিলওয়ার খান প্রমুখ।
