রংপুরে ওয়ার্কশপ

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৭:২৪
রংপুরে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ৫দিনব্যাপী প্রোগ্রাম রিভিউ এ্যান্ড লার্নিং ওয়ার্কশপ। সেভ দ্য চিলড্রেন, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় বেগম রোকেয়া অডিটরিয়ামে ওয়ার্কশপের উদ্বোধন করেন, রংপুরের প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দীন আহমেদ তালুকদার। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেভ দ্য চিলড্রেন’র ডিরেক্টর এডুকেশন এলিজাবেথ পিয়ার্স। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আরডিআরএস’র হেড অব প্রোগ্রাম কো-অর্ডিনেশন মঞ্জুশ্রী সাহা, সেভ দ্য চিলড্রেন’র শিখন প্রোগ্রাম ডিরেক্টর তালাত্ মাহমুদ, আরডিআরএস’র শিক্ষা ও প্রশিক্ষণ সমন্বয়কারী নুরুন্নবী শান্ত প্রমুখ। বক্তারা বলেন, সরকারের সীমাবদ্ধ সম্পদ দিয়ে নির্দিষ্ট সময়ে সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন সম্ভব নয়। তাই প্রয়োজন সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ পরিকল্পনার মাধ্যমে কার্যকর উদ্যোগ। ওয়ার্কশপে আরডিআরএস বাংলাদেশসহ সেভ দ্য চিলড্রেন ও শিখন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেভ দ্য চিলড্রেন, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বঞ্চিত শিশুদের জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বাস্তবায়িত শিখন প্রকল্পের প্রথম পর্যায়ের অভিজ্ঞতার আলোকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগে উন্নয়ন সহযোগী সংস্থা আরডিআরএস বাংলাদেশ, কোডেক ও ভার্ক’র মাধ্যমে শিখন কর্মসূচি বাস্তবায়ন করছে।