কুড়িগ্রামের উলিপুরে হতদরিদ্র পরিবারের ২৫ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে সোসাইটি ফর সোসাল সার্ভিস। পিকেএসএফ-এর সংযোগ প্রকল্পের আওতায় সংস্থাটির বেগমগঞ্জ শাখার উদ্যোগে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন চরের এসব মহিলাকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গারু হারা গ্রামে লাভলী বেগমের বাড়িতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, মুক্তা ও রিপা বেগম। গত রবিবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষনার্থী ২৫ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার রংপুর জোনাল ম্যানেজার মোঃ লিয়াকত আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ মঞ্জুর মোর্শেদ, বেগমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক প্রমুখ।
