মিসরে গণগ্রেফতার কোনভাবেই সমর্থন করা যায় না

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২০:৪৮
মিসরের মুসলিম ব্রাদারহুডের নেতাদের গ্রেফতার বন্ধের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে কোন নির্দিষ্ট গ্রুপকে লক্ষ্যবস্তুতে পরিণত না করতে সতর্ক করে করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের মতো জাতিসংঘের মহাসচিব বান কি মুনও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোন দলকে বর্জন করার চেষ্টা জাতিসংঘ মেনে নেবে না। এদিকে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি সমর্থক ইসলামপন্থিরা গতকাল জুম্মার নামাজের পর তাহরির স্কয়ারে গণসমাবেশ করে। বৃহস্পতিবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী কামেল আমেরের সাথে টেলিফোন বার্তায় বান কি মুন বলেন, মুসলিম ব্রাদারহুডের নেতাদের গ্রেফতারে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। কোন রাজনৈতিক দল কিংবা কোন নির্দিষ্ট গোষ্ঠীকে শাস্তি দেয়া বা শেষ করে দেয়ার কোন সুযোগ নেই। হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নে বলেছেন, কোন নির্দিষ্ট দলকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিলে সেটা হবে মিসরের বর্তমান নেতৃত্বের জন্যই হুমকিস্বরূপ। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এভাবে নির্বিচারে গণগ্রেফতারকে কোনভাবেই সমর্থন করা যায় না। মিসরের সব রাজনৈতিক দলকে আসার আহবান জানিয়ে এবং তাদেরকে নিয়ে একসাথে কাজ করতে পারলে তখনই সফলভাবে কিছু অর্জন করা সম্ভব হবে।