মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতার দায়ে ২৩ জনের কারাদণ্ড

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২০:৪৮
মিয়ানমারের মিকতিলায় মুসলিম-বৌদ্ধ সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত থাকার দায়ে ২৩ জনকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শাস্তি প্রাপ্তদের বিরুদ্ধে হত্যা, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল। বৃহস্পতিবার বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। গত মার্চে মিয়ানমারের মধ্যাঞ্চলের শহর মিকতিলার ওই সহিংসতায় অন্তত ৪০ জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে মিকতিলার একটি মাদ্রাসার ছাত্ররাও ছিল। উগ্রপন্থী বৌদ্ধদের ওই হামলায় ১২টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০১২ সালে পশ্চিম রাখাইন রাজ্যে বৌদ্ধ রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সংঘটিত জাতিগত ও সাম্প্রদায়িক সহিংসতার জের ধরে মিকতিলার সহিংসতা শুরু হয়। মিকতিলায় মুসলিম মালিকানাধীন একটি সোনার দোকানে সহিংস ঘটনার পরপরই দাঙ্গা ছড়িয়ে পড়ে। খোলা তলোয়ার ও লাঠিসোটা নিয়ে উগ্রপন্থী বৌদ্ধ যুবকরা ২০ ও ২১ মার্চ মিকতিলাজুড়ে ব্যাপক সহিংসতা চালায়। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে শহরজুড়ে নারকীয় পরিস্থিতি তৈরি হয়। এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যাসহ দাঙ্গায় জড়িত থাকার কারণে অন্তত ১০ মুসলিমকে এর আগেই কারাদণ্ড দেয়া হয়েছে। এবারের বিচারে কতজন মুসলিম অভিযুক্ত হয়েছে তা পরিষ্কার করে জানায়নি মিয়ানমার কর্তৃপক্ষ। তবে এবার শাস্তিপ্রাপ্তদের অধিকাংশই বৌদ্ধ বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্রগুলো। দাঙ্গা চলাকালে বেশ কয়েকটি হামলার সময় পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ করেছে মুসলিমরা। এই সহিংসতার জেরে মিয়ানমারের সাবেক রাজধানী রেঙ্গুনের কাছাকাছিও দাঙ্গা ছড়িয়ে পড়েছিল।