সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০১
ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের আহবায়ক মোঃ সালেহ আহমদ। ক্বারী আল আমিনের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে ও হাফেজ ক্বারী আব্দুল হামিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা হারিছ আল কাদরী, শেখ তবারক হোসেন, এনামুল হক তালুকদার প্রমুখ। সৈয়দপুরে জুয়া খেলার দায়ে তিন ব্যক্তির জরিমানা সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা \ সৈয়দপুরে জুয়া খেলার দায়ে তিন ব্যক্তির জরিমানা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। সৈয়দপুর পৌর এলাকার নিয়ামতপুর আদানী মোড় এলাকায় কয়েক ব্যক্তি প্রকাশ্যে জুয়া খেলছিল। থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটককৃত ফজু আহমেদ (২০), ঈশা মামুদ (৩৪) ও লোকমান হোসেনকে (৩২) ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম প্রত্যেকের ১ হাজার টাকা করে জরিমানা করেন। মেহেরপুরে ব্যবসায়ীদের বাটখারা জব্দ মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর তহবাজার ব্যবসায়ি সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অভিযোগে ব্যবসায়ীদের কাছ থেকে বাটখারা জব্দ করা হয়েছে। এদিন সকালে তহবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আবু হানিফের নেতৃত্বে বড়বাজার এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় মাছ-মাংসসহ বিভিন্ন কাঁচা মাল ব্যবসায়ীদের বাটখারা পরীক্ষা করা হয়। ওই সময় তহবাজার ব্যবসায়ি সমিতির সহসভাপতি ফয়েজউদ্দিন, সহসম্পাদক মিজানুর রহমান, সদস্য আহমদ আলী, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মেঘনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে মালবাহী জাহাজ ও বালু ভর্তি বাল্কহেডের সংঘর্ষে নিখোঁজ শ্রমিক ফারুক মিয়ার(২৮) লাশ উদ্ধার হয়েছে। গজারিয়া থানার এসআই রুহুল আমিন জানান, গত বৃহস্পতিবার নিখোঁজ শ্রমিকের লাশ মেঘনা নদীতে ভেসে ওঠার খবর এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। নরসিংদীতে চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার নরসিংদী প্রতিনিধি \ নরসিংদীতে গত বৃহস্পতিবার একটি বিদেশী ক্ষুদ্রাস্ত্র উদ্ধার করা হয়েছে। নরসিংদী ডিবিপুলিশ জেলা শহরের দত্তপাড়া এলাকা থেকে বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, চাপাতি ও কয়েকটি ছুরিসহ সাব্বির মিয়া (২০) নামে এক অস্ত্রবাজকে গ্রেফতার করেছে। সে শহরের দত্তপাড়া মহল্লার সামসিদ মিয়ার পুত্র। জানা গেছে, সাব্বির দত্তপাড়া এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। গত বৃহস্পতিবার দুপুরে সে অস্ত্রশস্ত্র ও তার সহযোগী সন্ত্রাসীদেরকে নিয়ে দত্তপাড়া মহল্লার শম্ভু সাহার শ্বশানঘাটে বসে ডাকাতির পরিকল্পনা করে। এসময় নরসিংদী ডিবি ইন্সপেক্টর মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানা একটি অস্ত্র মামলা করা হয়েছে। হোমনার ইউএনও কুমিল্লার সেরা হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল হোসেন উপজেলায় ইউআইএসসি কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ইনোভেশন এ্যাওয়ার্ড ২০১৩’র আওতায় জেলাপর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আবদুল্লাহ ও জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ ইউএনওর পুরস্কার দেন। মোহাম্মদ হেলাল হোসেন ২০১১ সালের ২৬ জানুয়ারি হোমনাতে ইউএনও হিসেবে যোগদান করে উপজেলার ৯টি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র চালু করেন। উল্লেখ্য ইউএনও মো. হেলাল হোসেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন। সাতক্ষীরা সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ৯৩ জন কৃতী শিক্ষার্থীকে বুধবার দুপুরে সংবর্ধনা প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সাথে একাদশ শ্রেণী ও পাসকোর্স শিক্ষার্থীদের জন্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মোঃ মুনসুর আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোঃ মোহেবউল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ. ন. ম আহম্মদ আলী ও শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল হাসেম। চাঁপাইনবাবগঞ্জে উপকারভোগীদের সংলাপ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বীপচরের উপকারভোগীদের সংলাপ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এগ্রিকালচার সাসটেইনেবল এন্ড সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর কবির আলম। নরসিংদীতে প্রতিবন্ধীদের ফ্রি যাতায়াত পাস বিতরণ নরসিংদী প্রতিনিধি \ প্রতিবন্ধী ব্যক্তিদের সড়ক পরিবহনে যাতায়াতের সুবিধার্থে ফ্রি পাস বিতরণ উপলক্ষে গত বুধবার নরসিংদীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। প্রাথমিক পর্যায়ে জেলার বিভিন্ন উপজেলার ৮২ জন প্রতিবন্ধীদের মধ্যে ফ্রি পরিবহন পাস বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি প্রতিবন্ধীদের মধ্যে পাস বিতরণ করা হবে বলে জানানো হয়। এক্সিম ব্যাংকের বৃত্তি পেল গৌরীপুরে তিন মেধাবী গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ড হতে গৌরীপুর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন গরীব ও মেধাবী ছাত্রের সংবাদ দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘আঁঁধার ঘরে চাঁদের আলো’ শিরোনামে প্রকাশিত হলে এক্সিম ব্যাংক তাদের উদ্যোগে গত ৩ জুলাই ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ জনের হাতে বৃত্তির চেক তুলে দেন। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে গৌরীপুর হতে জিপিএ-৫ প্রাপ্ত মোহাঃ বিদ্যা মিয়া, মাহমুদুল হাসান নোমান ও ইকবাল হাসান মামুনকে নগদ ১৫ হাজার করে টাকা প্রদান করেন। চাটখিলে মা সমাবেশ চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলের দশঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জসিম মাহমুদ। এতে বক্তব্য রাখেন মাস্টার জাহাঙ্গীর আলম, মাসুদ আলম, খিতিশ চন্দ্র সেন্টু, আইউব আলী, মা জাহানারা বেগম প্রমুখ। সমাবেশে প্রায় দু’শতাধিক মা উপস্থিত ছিলেন। রাণীনগরে গ্রামীণ ব্যাংক বাঁচাও শীর্ষক মানববন্ধন রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ গ্রামীণ ব্যাংককে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র বন্ধের দাবিতে, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসাবে ড.ইউনুসকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে নওগাঁর রাণীনগরের চকউজির স্কুল মোড় নামক স্থানে বৃহস্পতিবার এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ইয়ুথ ফরম গ্রামীণ ব্যাংক বাঁচাও শীর্ষক এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ প্রতিবাদ সভায় সমিতির সভানেত্রী রেহেনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চকউজির গ্রামীণ ব্যাংকের সমিতির দলনেতা জামাল হোসেন, বকুল হোসেন, হাসান প্রমুখ। রাজশাহীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রাজশাহী অফিস \ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিলিন্দা বটতলা থেকে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে লাশটি উদ্ধারের ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের পায়ে স্যান্ডেল, পরনে লুঙ্গি ও গায়ে সবুজ রঙের টি-শার্ট ছিল। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম বলেন, ভোরে স্থানীয় লোকজন লাশটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মিঠাপুকুরে ৩১৪ জন ছাত্রীর মাঝে উপবৃত্তি বিতরণ রংপুর প্রতিনিধি \ মিঠাপুকুর উপজেলায় ৩শ’ ১৪ জন ছাত্রীর মাঝে উপবৃত্তির ১৫ লাখ ২৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শঠিবাড়ী মহাবিদ্যালয়ের স্নাতক ও সমমান পর্যায়ের ছাত্রীর মাঝে ওই টাকা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপবৃত্তির এই টাকা বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর জেলা শাখার সভাপতি রেহানা আশিকুর, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, রাশেক রহমান, শঠিবাড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মেসবাহুর রহমান প্রধান প্রমুখ। রংপুরে ভূমিহীনদের মানববন্ধন ও সমাবেশ রংপুর মহানগরীর রাজেন্দ্রপুরে সরকারি খাস জমিতে ৪০ বছর ধরে বসবাসকারী ২৫টি পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে গত বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছে ভূমিহীনরা। ভূমিহীনরা রংপুর প্রেসক্লাবের সামনে ১১টা থেকে ১২টা পর্যন্ত ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রানীশংকৈলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ রানীশংকৈল(ঠাকুরগাঁও) সংবাদদাতা \ রানীশংকৈল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গত বৃহস্পতিবার সরকারি অনুদানের ত্রাণ বিতরণ করা হয়। এ উপলক্ষে ওইদিন পৌরসভা অফিস প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান সইদুল হক, ইউএনও এনামুল হক, মেয়র মকলেসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও সাংবাদিকদের উপস্থিতিতে মোট ৬৫ জন বন্যার্তের প্রত্যেককে ১৫ কেজি চাল ও ১শ’ করে টাকা দেয়া হয়। নড়াইলে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান নড়াইল প্রতিনিধি \ নড়াইলে ১শ’ ২৩ জন গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫৩ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। নড়াইল জেলা পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস কৃতী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সৈয়দ নেছার আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর ও লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু প্রমুখ। নারায়ণগঞ্জে ২ সন্ত্রাসী গ্রেফতার নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা, পিস্তলের ম্যাগজিন ও নগদ টাকাসহ ইরান ও সুজন নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই সময়ে পালিয়ে যেতে সক্ষম হয় সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার পারভেজের ভাই মেজর। বৃহস্পতিবার সকালে বাবুরাইল তাঁতী পাড়া এলাকায় শহরের পুরাতন কোর্টে অবস্থিত র্যাব-১১ স্পেশাল কোম্পানি এ অভিযান চালায়। তারাগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালন তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিষদের সহযোগিতায় একটি র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ শাহাজাহান সরকার প্রমুখ। তারাগঞ্জে কুষ্ঠরোগ চিহ্নিতকরণ ক্যাম্প তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কুষ্ঠরোগ চিহ্নিতকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কুর্শা ও ইকরচালী ইউনিয়নের প্রাথমিক পর্যায়ে ১৭০ লোকের মধ্যে কুষ্ঠরোগ চিহ্নিতকরণের জন্য পরীক্ষা করলে তাদের মধ্য থেকে ৬জনের শরীরে কুষ্ঠরোগ ধরা পড়ে। উক্ত চিকিত্সা ক্যাম্পে উপস্থিত ছিলেন রংপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুল হাদি। উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২ বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে গত বৃহস্পতিবার দুপুরে সোনার তরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রলার টেম্পুর মুখোমুখি সংঘর্ষে বাস চালক নুরুল্লাহ নিহত হয়েছেন। সংঘর্ষে বাস ও টেম্পুর ১২ জন যাত্রী আহত হয়েছে। ঘাটাইলে ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা \ ঘাটাইল উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের তিনটি আহবায়ক কমিটি গঠিত হয়েছে। খুররুম মাসুদ সিদ্দিককে আহবায়ক ও শহীদুল ইসলাম স্বপনকে সিনিয়র যগ্ম আহবায়ক করে ৯১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদল, ফিরোজ আহমেদ ফিরোজকে আহবায়ক ও মুরাদ হাসান রুবেলকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৭৭ বিশিষ্ট পৌর ছাত্রদল এবং মোঃ আফজাল হোসেনকে আহবায়ক ও আল আমিন রনিকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৬১ বিশিষ্ট জি.বি.জি বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।