বীরগঞ্জে ৭৭ নকল নবীশের মানবেতর জীবন-যাপন

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০৩
বীরগঞ্জে সাব-রেজিষ্ট্রি অফিসে বালাম বহি না থাকায় নকল নবীশের কাজ বন্ধ। মূল দলিলের জন্য ১০ হাজার মানুষের ভোগান্তি চরমে। ৯ মাস ধরে কাজের মজুরি না পেয়ে ৭৭ নকল নবীশ মানবেতর জীবন-যাপন করছে। বীরগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে গত সেপ্টেম্বর/১২ ইং হতে বালাম বহি সরবরাহ না থাকার কারণে ৭৭ কর্মরত নকল নবীশের কাজ বন্ধ থাকার কারণে কাজের মুজুরী না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। একই কারণে বীরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়ন সমূহের শতশত গ্রামের হাজার হাজার মানুষ বিশেষ প্রয়োজনে জমি বিক্রি করছে। তারা জমি খাজনা-খারিজ করে ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে মূল দলিল দেখিয়ে বা বন্ধক রেখে পারিবারিকসহ অন্য কাজের সমাধান করবেন কিন্তু বছরের পর বছর ধরে ঘুরেও মুল দলিল পাচ্ছে না। এ ব্যাপারে সাব-রেজিষ্টার সমস্যার সত্যতা স্বীকার করে জানান, প্রতি মাসে-মাসে জেলা রেজিষ্ট্রারের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে চাহিদা দেওয়া হলেও কার্যতঃ কোন সুফল পাওয়া যাচ্ছে না। উপজেলা নকল-নবীশ সমিতির সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মখলেছুর রহমান জানান, সরকার মাষ্টারোলে চাকুরী দিয়েছে তবে মুজুরীর নিশ্চয়তা দিতে পারছে না।