ডোমার-নীলফামারী সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের পাথর, বালিসহ বিভিন্ন উপকরণ। সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের অধীনে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ১৮ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের কার্যাদেশ দেয়া হয় এন.সি.ই.এল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। কিন্তু নির্মাণ কাজে মন্থরগতির কারণে গত ৭ মাসে মাত্র ৫/৬ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। স্থানীয় লোকজনের অভিযোগ, ভাংগা পাথর ব্যবহার না করে ব্যবহার করা হচ্ছে চকলেট ও পি-পাথর। রাস্তার বেসকোর্স ৬ ইঞ্চি দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে ৪ থেকে ৫ ইঞ্চি।
দুই ধারের বর্ধিত অংশে ঠিকমতো রোলার না করায় অল্প দিনেই রাস্তা ভেঙ্গে যাওয়ার অশঙ্কা করছেন স্থানীয়রা। সিডিউলে কার্পেটিং ২ ইঞ্চি থাকার কথা থাকলেও দেয়া হয় ১ থেকে দেড় ইঞ্চি। সাইড এলাকায় উচ্চক্ষমতা সম্পন্ন বোমা মেশিন দিয়ে তোলা বালু রাস্তা নির্মাণ কজে ব্যবহার হচ্ছে। এছাড়া রাস্তার ধারে মাটি না দেয়ার সামান্য বৃষ্টিতেই রাস্তার ধার ধসে যেতে বসেছে।
