দুই এমপি’র দ্বন্দ্বে বরেন্দ্র নীলসাগর এক্সপ্রেসের যাত্রা বন্ধ

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০৬
কাঁচি নিয়ে টানাটানি। কে কাটবেন ফিতা! এ টানাটানিতে বন্ধ হয়ে গেছে বহু কাঙ্ক্ষিত বরেন্দ্র ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শুভযাত্রা। ১০ জুলাই থেকে দেশের সর্বউত্তরের রেল স্টেশন নীলফামারীর চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখে বরেন্দ্র এবং ঢাকা অভিমুখে নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও শুধু স্থানীয় দুই এমপির দ্বন্দ্বের কারণে তা বন্ধ হয়ে গেছে। রেল সূত্র জানায়, ওই দিন রাত ৯.২০ মিনিট থেকে ঢাকার উদ্দেশ্যে নীলসাগর এবং ভোর ৫টা ৩০ মিনিটে বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে যাত্রার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা স্থগিত করা হয়েছে। তবে স্থানীয়রা জানান, মহিলা সংসদ সদস্য ড. হামিদাবানুকে বাদ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করায় তিনি বেঁকে বসেন। ফলে কাঁচি হাতে নিতে পারেননি স্থানীয় জাপা সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। এ ঘটনায় স্থানীয় দুই এমপির বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।