বরগুনায় শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০৭
বরগুনায় ৯ বছরের শিশুর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের আবুল হাসানকে (২৩) বৃহস্পতিবার ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ দণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ২০০৭ সালের ৫ আগস্ট দুপুর ১২ টার দিকে দণ্ডাদেশপ্রাপ্ত আবুল হাসান ছোনবুনিয়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির বাড়িতে কেউ উপস্থিত ছিল না। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।