আকাশ সংস্কৃতির দাপটে আমাদের প্রিয় মাতৃভাষার বর্তমানে বিপন্ন দশা। এমন এক দু:সময়েও তরুণ প্রজন্মের অনেকে আধুনিক প্রযুক্তির ব্যবহারে মাতৃভাষার প্রসারে কাজ করে যাচ্ছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল ৩য় বর্ষের শিক্ষার্থী সাদলী সালাহউদ্দিন ও সৌমিন ইসলাম উদ্ভাবন করেছেন সম্পূর্ণ বাংলা কথা ও ইশারায় চলতে সক্ষম রোবট।
বাংলাদেশে বাংলা কথায় নিয়ন্ত্রণযোগ্য রোবট এটাই প্রথম। আবার যারা বাক প্রতিবন্ধী বা কথা বলতে অক্ষম তাদের জন্যও রোবটে যোগ করা হয়েছে বিশেষ সংবেদনশীল ব্যবস্থা। যার মাধ্যমে রোবটটি ইশারা অনুযায়ী কাজ করতে পারবে। গত ৯ জুলাই রুয়েটে আয়োজিত এক প্রদর্শনীতে উদ্ভাবিত রোবট প্রদর্শনকালে বাংলা শব্দ ‘ডানে যান, বামে যান, থামুন, এবার চলুন’ এসমস্ত আদেশের মাধ্যমে কিভাবে কাজ করে তা দেখানো হয়। এতে রুয়েট উপাচার্য ড. মর্ত্তুজা আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, উদ্ভাবিত রোবটে ইন্টারনেট সংযোগের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে এটিকে নিয়ন্ত্রণ করা যাবে। এ জন্য ইন্টারনেটে প্রবেশ করে একটা সফটওয়ারের মাধ্যমে নিরাপত্তা কোডের মাধ্যমে রোবটের সাথে সংযোগ স্থাপন করতে হবে। এরপর রোবট থেকে একটি নিশ্চয়তামূলক বার্তা আসলেই কাজ শেষ। রোবট তার কাজ শুরু করবে। রোবটটি নিয়ন্ত্রণকারী, দূরে অবস্থানকারী ব্যক্তির কাছে আশেপাশের পরিবেশের জীবন্ত ভিডিও পাঠাতে থাকবে প্রতি মুহূর্তে। ভিডিও দেখে নিয়ন্ত্রণকারী সিদ্ধান্ত নিতে পারবেন, কখন কি করতে হবে? এছাড়া গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে রোবটটি স্যাটেলাইটের সাথে সংযোগ করতে পারবে। ফলে মানচিত্রের মাধ্যমেও রোবটটির অবস্থান নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে রুয়েট ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান মোঃ রফিকুল ইসলাম শেখ বলেন, প্রকল্পটি বাণিজ্যিকভাবে উত্পাদন সম্ভব হলে বাংলাদেশের বাক প্রতিবন্ধীদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। রুয়েট উপাচার্য ড. মর্ত্তুজা আলী বলেন, বাংলা ভাষায় কাজ করতে সক্ষম রোবট আবিষ্কার সত্যিই আমাদের গর্বের বিষয়। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
