শেষেও সেরা পন্টিং

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:১৬
প্রথম শ্রেণীর ম্যাচে ক্যারিয়ারের শেষ ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সারের হয়ে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে গত বৃহস্পতিবার পন্টিং অপরাজিত থাকেন ১৬৯ রানে। পন্টিং বলছেন, রাজসিক এই সেঞ্চুরির পর তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছেন তিনি। আগের দিন ৪১ রানে অপরাজিত থাকা পন্টিং গত বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির আগেই পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। প্রায় সাত ঘন্টা ক্রিজে কাটানো অজি তারকার ৩১৯ বলে এই ইনিংটির কল্যাণেই কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে ড্র করতে সমর্থ হয় সারে। প্রথম ইনিংসে মাত্র ২৯ রানে আউট হয়ে যাওয়া পন্টিং ম্যাচ শেষে জানান, বিদায় নেয়ার আগে ভাল কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি। স্পিনার সামিত প্যাটেলকে বাউন্ডারি হাঁকিয়ে শতরানের দেখা পাওয়ার পাশাপাশি আরো বেশ কয়েকটি মাইলফলকও স্পর্শ করেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের ৮২তম প্রথম শ্রেণীর সেঞ্চুরি। সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, মার্ক ওয়াহকে টপকে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় পন্টিং’র স্থান এখন বর্তমান অজি কোচ ড্যারেন লেম্যানের পাশে। এদিন একই সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। ১৬৮টি টেস্ট খেলা ৩৮ বছর বয়সী এই তারকা ম্যাচ শেষে ছিলেন স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি যদি এই ইনিংসে ব্যর্থ হতাম তাহলে আমার শেষটা হতো দারুণ হতাশাজনক। সত্যি বলতে কি শেষটা যে এমন হবে আমি নিজেও সেটা ভাবিনি। তবে সারের হয়ে ভালো কিছু করতে আমি দারুণ প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’ সামনে সারের হয়ে টি-টোয়েন্টি খেলার পর পন্টিং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলবেন। আসন্ন অক্টোবরে মাঠ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন তিনি। ২০১২ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পন্টিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর শেষ হওয়ার পরপরই ঘোষণা দেন এবছরই প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও অবসরে যাচ্ছেন তিনি।