অর্থমন্ত্রীর অবাস্তব অবস্থানই পদ্মাসেতুর মূল কাজে বড় বাধা

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:৫৩
যথাসময়ে পদ্মা সেতু প্রকল্পের মূল কাজ শুরু করতে না পারার জন্য এবার সব দায় অর্থমন্ত্রীর ওপর চাপালেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে আশুলিয়া ইপিজেড এলাকায় মহাসড়কের উন্নয়ন কাজ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেছেন, আমি এক কথায় বলতে পারি, অর্থমন্ত্রীর অবাস্তব অবস্থানই সময়মতো পদ্মা সেতুর মূল কাজ শুরুর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তার কথাবার্তা জনগণকে হতাশ করেছে। প্রসঙ্গত যোগাযোগমন্ত্রী গত মঙ্গলবার সচিবালয়ে তার অফিসে চীনের এক্সিম ব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছিলেন, পদ্মা সেতু তৈরিতে চীন ২৪০ কোটি মার্কিন ডলার ঋণ প্রদানের প্রস্তাব দিয়েছে। চীনের প্রস্তাব বিশ্বব্যাংকের প্রস্তাবের চেয়ে খারাপ নয় মন্তব্য করে ওইদিনই ওবায়দুল কাদের আরো বলেন যে, প্রস্তাবটি বিবেচনার জন্য ইতিমধ্যেই অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠিয়ে দেয়া হয়েছে। তার এই বক্তব্যের দুইদিন পর গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, নিজেদের পছন্দমতো ঠিকাদার নিয়োগের শর্ত থাকায় পদ্মা সেতুর জন্য চীন এবং রাশিয়ার প্রস্তাব মোটেই গ্রহণযোগ্য নয়।