সিটিতে মুক্তিযুদ্ধের শক্তিকে বিজয়ী করতে না পারা আমাদের ব্যর্থতা

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:৫৪
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধের শক্তি পক্ষে আমরা বিজয় আনতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল হিসেবে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, বিএনপি বা ১৮ দল নয়। গতকাল শুক্রবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘নিরপেক্ষ নির্বাচনে সরকারের সাফল্য, খালেদা জিয়ার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ র্শীষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই সত্য বিষয়টি নিয়ে মানুষের কাছে যেতে পারেনি। তবে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এমন কথা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আর বলতে পারবেন না। সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন জানুয়ারিতেই সম্পন্ন হবে বলে তিনি জানান। অপরদিকে অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ গাজীপুর সিটি নির্বাচন নিয়ে টিআইবিকে রিপোর্ট করার আহ্বান জানিয়ে বলেন, জনগণ কেন সত্ আজমত উল্ল¬াহকে বাদ দিয়ে হজ্বের টাকা লুটকারীকে ভোট দিল তা জানা দরকার। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির মিজি প্রমুখ।