মাওয়া লঞ্চ ঘাটের টোল আদায় নিয়ে শুক্রবার দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হচ্ছে। সিরাজ মেম্বার ও ইউপি যুবলীগ সভাপতি হামিদুল হক গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, জেলা পরিষদ ইজারাদার হামিদুল হকের লোকজন মাওয়া লঞ্চ ঘাটে টোল আদায় করছিল। এরই মধ্যে সাবেক ইজারাদার সিরাজ মেম্বারের লোকজন এসে আদায়কৃত টোলের হিসাব চাইতে গেলে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটির পরে সংঘর্ষ বেধে যায়। এতে ব্যস্ততম এই ঘাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাটে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
