নগরীর মাওলানা মোহাম্মদ আলী রোডের প্রবেশমুখে মাত্র ৬ দিনে তারাবির নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। গত বুধবার রমজান শুরুর আগের দিন থেকে এ নামাজ শুরু হয়েছে। প্রতিদিন নামাজে অসংখ্য মুসল্লি যোগ দিচ্ছেন। তবে মুসল্লিদের মধ্যে স্থানীয় ব্যবসায়ীদের সংখ্যাই বেশি। রাকিব নামে এক ব্যবসায়ী জানান, ঈদ যত ঘনিয়ে আসবে ততই মার্কেটে ক্রেতাদের ভিড় বাড়বে। তাই তাড়াতাড়ি তারাবির নামাজ শেষ হলেই ভাল। এ কারণে এখানে নামাজ পড়তে আসি। এদিকে সেলিম নামে আয়োজকদের একজন ইত্তেফাককে বলেন, জিইসি মোড় এলাকায় অনেকগুলো মার্কেট ও দোকানপাট রয়েছে। এখানকার ব্যবসায়ীরা নামাজ পড়তে আগ্রহী। কিন্তু তারাবি নামাজ অনেকদিন ধরে পড়তে হয় বলে এতদিন তারা নামাজ পড়তে পারছিলেন না। তবে গত দুই বছর ধরে মোহাম্মদ আলী রোডের মাথায় এ খালি জায়গাটিতে নামাজের ব্যবস্থা করা হয়েছে। ব্যবসায়ীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এখানে নামাজ পড়তে আসেন বলে সেলিম জানান।
