গতকাল শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে প্রাইম ব্যাংক কর্মকর্তা লতিফা রহমান নিহত এবং তার স্বামী প্রকৌশলী আকরাম হোসেন ও শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। নরসিংদী পল্লী বিদ্যুত্ সমিতি-১ মাধবদীর এজিএম আকরাম হোসেন তার স্ত্রী ব্যাংক কর্মকর্তা ও শিশু পুত্রসহ নরসিংদী শহরে আত্মীয়ের বাসায় বেড়াতে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি প্রকৌশলীর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে লতিফা রহমান নিহত হন। গুরুতর আহত প্রকৌশলী আকরাম হোসেন ও তার শিশু সন্তানকে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ব্যাংক কর্মকর্তা নিহত হবার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাধবদী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা জানান, লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
দাউদকান্দি সংবাদদাতা জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে ঢাকাগামী প্রাইভেটকার ও চট্টগ্রামগামী একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং উভয় গাড়ির ১০ জন আহত হয়েছে। প্রাইভেটকারের নিহত যাত্রী শুকেন চন্দ্র (৪৮) মুরাদনগর উপজেলার বাসিন্দা বলে জানা যায়। আহতদের উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়। লাশ ও গাড়ি দুটি দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
