রমজানের প্রথম জুমায় মসজিদে মসজিদে ভিড়

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২২:৩৯
গতকাল পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। সব বয়সী মুসল্লিরা জুমার নামাজে অংশগ্রহণ করেন। দুপুর ১২টা থেকে সবাই মসজিদে উপস্থিত হতে থাকেন। জুমার নামাজ শুরুর আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জুমার নামাজের জামাত মসজিদের সীমানা পেরিয়ে রাস্তায় চলে আসে। শিশু থেকে বৃদ্ধ সবাই মহান আল্লাহ সান্নিধ্য লাভ ও অধিক পুণ্যের আশায় মসজিদে হাজির হয়। নামাজ শেষে মুসলিম উম্মার সুখ শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নেমেছিল। হাজার হাজার মানুষ জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররমে সমবেত হয়। একপর্যায়ে জাতীয় মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পাড়া-মহল্লার মসজিদগুলোতেও ভিড় ঠেলে মুসল্লিদের নামাজে অংশ নিতে হয়েছে।