বাঘ মারাটা অনেক কঠিন। আর এটা মারার যে খেসারত দিতে হয় সেটা বুঝতে পেরেছেন ইন্দোনেশিয়ার পাঁচ নাগরিক। বাঘের ভয়ে তিন দিন তাদের গাছে কাটাতে হয়েছে এবং এক সঙ্গীকে হারাতে হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সমপ্রতি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলের আচেহ প্রদেশের গুনাঙ্গ লিউসার ন্যাশনাল পার্কে ছয়জন দলবেঁধে প্রবেশ করে। দুর্ভাগ্যবশত তারা একটি বাঘকে মেরে ফেলে। এরপর অন্যসব বাঘ দলবেঁধে এসে তাদের এক সঙ্গীকে হত্যা করে। এরপর ভয়ে বাকি পাঁচজন একটি গাছে চড়ে। কিন্তু নাছোড়বান্দা বাঘগুলোও গাছের নিচে তিনদিন অবস্থান করে। পরে মোবাইলে গ্রামবাসীকে এ খবর জানালে ৩০ জনের একটি দল এসে চারটি বাঘকে ম্যানেজ করে সরিয়ে দেয় এবং আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করে।স্থানীয় পুলিশের প্রধান ডিকি সোনদানি এ তথ্য জানিয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা পারফিউম তৈরিতে ব্যবহূত হয় এমন এক ধরনের গাছ সংগ্রহ করতে গিয়েছিলেন। এই গাছের মূল্য অনেক বেশি।
