গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২০:০৫
ইদানীং উলের তৈরি অধিকাংশ শীতবস্ত্র যান্ত্রিকভাবে বোনা হলেও কেউ কেউ শখ করে তা হাতেও বুনে থাকেন। বিশেষ করে একটা সময় তো আমাদের দেশের প্রবীণ আর বয়োজ্যেষ্ঠরা শীত আসার অনেক আগে থেকেই উলকাটা নিয়ে বসে যেতেন শীতের নানা ধরনের পরিধেয় বানাতে। সময়ের সাথে সাথে এ ধরনের উলকাটা দিয়ে শীতকাপড় বোনার চল কমলেও সম্প্রতি এমনই এক উলকাটা বানিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আমেরিকার জিম বোলিন ও জিনেট হুইসিংগা। তাদের বানানো নিটিং নিডল বা উলকাটাটির আকৃতি ছিল ৩.৯৮ মিটার (১৩ ফুট ০.৭৫ ইঞ্চি) দীর্ঘ এবং এটির পরিধি ছিল প্রায় ৮.২৫ সেন্টিমিটার বা ৩.২৫ ইঞ্চি। মজার বিষয় হলো শুধু আকৃতিগত বিশালতাই নয়, বরং এটি দিয়ে যে চাইলে সত্যিকারের কাপড়ও বোনা যায় সেটিও ইলিনয়েসের প্রদর্শনীতে করে দেখান জিম ও জিনেট।