নতুন গানে মাকসুদ

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২০:০৯
ঈদের ভেতর খুব একটা ব্যস্ততা নেই। নিজের ব্যান্ড দল নিয়ে মাছরাঙা টেলিভিশনে একটি শো করবেন ঈদ উপলক্ষে। এ ছাড়া রমজান উপলক্ষে বাংলাভিশনে মাকসুদুল হক যে অনুষ্ঠানটি সঞ্চালনা করতেন সেটিও এখন স্থগিত আছে। সবমিলিয়ে এই খানিক অবসরে মাকসুদ তার ব্যান্ড দল নিয়ে নিয়মিত প্র্যাকটিস সেশনে ব্যস্ত রয়েছেন। কারণ আগামী ঈদের পরপরই তিনি তার ব্যান্ড অ্যালবামের কাজ শুরু করবেন। মিউজিক ফর্মেও বেশ পরিবর্তন এনেছেন তিনি। এ প্রসঙ্গে মাকসুদ বলেন, ‘এখন একটু নিজেকে গোছাতে সময় নিচ্ছি। অনেক ধরনেরই তো মিউজিক হলো। এবারে একেবারেই আলাদা কিছু করার জন্যই নিজের মতো করে সুর খুঁজছি। কথা মেলাচ্ছি। দেখা যাক কতদূর পর্যন্ত গড়ায়।’ উল্লেখ্য, মাকসুদুল হক সর্বশেষ মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘আবার যুদ্ধে যেতে হবে’ শিরোনামের একটি গানের মিউিজিক ভিডিও তৈরি করেন। যে ভিডিওর গানটি আজ থেকে প্রায় ১ যুগ আগে গাওয়া হলেও এখনকার সময়োপযোগী একটি স্লোগান। তেমনই আরও কিছু গীত বাঁধার চেষ্টা করছেন এখন মাকসুদ। নিজের গান প্রসঙ্গে বলেন, ‘গানে তারুণ্যকে জাগিয়ে তাদের ভাবনার সমান্তরালে না দাঁড়ালে সেই গান তো টিকবে না। তাই নতুন অ্যালবামে তেমন কিছু রসদ নিয়েই আসছি।’