বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘বাণিজ্যের জন্য সহায়তা’ সম্মেলনে বাংলাদেশের সফটওয়্যার ও আইটি সার্ভিসের সাফল্য তুলে ধরল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সুইজারল্যান্ডের জেনেভায় গত ৮ থেকে ১০ জুলাই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের সবচেয়ে বড় সাফল্য হিসেবে কর্মস্থান সৃষ্টি ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়নের মাধ্যমে সমাজ গঠনের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়। বেসিস সভাপতি ফাহিম মাশরুর সম্মেলনে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি শিল্পের প্রতিনিধিত্ব করেন। তিনি দুটি পৃথক অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন। এ সময় বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে কয়েকশ অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বেসিস সভাপতি তার বক্তব্যে সাম্প্রতিক বছরগুলোতে সফটওয়্যার ও আইটি সার্ভিস রপ্তানির অগ্রগতির ধারা এবং এনটুএফ-২-এর ন্যায় উন্নয়ন সহায়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
