বিদায়ী অর্থবছরে ১৪ হাজার ৬৬৭ কোটি টাকা কৃষিঋণ বিতরণ

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:০৭
সদ্য শেষ হওয়া ২০১২-১৩ অর্থবছরে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ১৪ হাজার ৬৬৭ কোটি ৪৯ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ১০৩ দশমিক ৮০ শতাংশ। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১৩০ কোটি টাকা। আগের অর্থবছরে (২০১১-১২) কৃষিখাতে ১৩ হাজার ১৩২ কোটি ১৫ লাখ টাকা বিতরণ হয়েছিল। যা ওই বছরের লক্ষ্যমাত্রার ৯৫ দশমিক ১৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকসূত্রে এ তথ্য পাওয়া গেছে। বিদায়ী বছরে বিতরণ করা মোট কৃষিঋণের আট হাজার ৩১৮ কোটি ৮০ লাখ টাকা বিতরণ করেছে রাষ্ট্রায়ত্ত খাতের সোনালী, জনতা, অগ্রণী, রুপালী, কৃষি ও রাজশাহীকৃষি উন্নয়ন ব্যাংক। যা লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৬৫ শতাংশ। আর বাকি ছয় হাজার ৩৪৮ কোটি ৬৯ লাখ টাকা বিতরণ করেছে দেশি ও বিদেশি বেসরকারি খাতের ব্যাংকগুলো। এসব ব্যাংক লক্ষ্যমাত্রার ১১৪ দশমিক ৯৫ শতাংশ কৃষিঋণ বিতরণ করেছে। এরমধ্যে বেসরকারি ব্যাংকগুলো তুলনামূলকভাবে বেশি কৃষিঋণ বিতরণ করেছে। এদিকে ঋণ বিতরণের পাশাপাশি ঋণ আদায়ের হারও বেড়েছে। গত অর্থবছর ১৪ হাজার ৩৬২ কোটি ২৯ লাখ টাকা আদায় হয়েছে। বিদায়ী বছরে খেলাপি ঋণের পরিমাণও কমেছে। এ বছর এ পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৮১ শতাংশ। ২০১১-১২ অর্থবছরে এ পরিমাণ ছিল ১৮ দশমিক ৫৪ শতাংশ। কৃষি বিতরণ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত অর্থবছরের এ সময়ে বেশিরভাগ ব্যাংকই কৃষিঋণ বিতরণে ভাল ভূমিকা রাখলেও কয়েকটি ব্যাংক লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম ঋণ বিতরণ করেছে। গত অর্থবছরে শাহজালাল ইসলামী ব্যাংক বিতরণ করেছে লক্ষ্যমাত্রার ২১ দশমিক ৫৫ শতাংশ, সাউথ-ইস্ট ব্যাংক লক্ষ্যমাত্রার ৩৩ দশমিক ৬৪ শতাংশ, বাংলাদেশ কমার্স ব্যাংক লক্ষ্যমাত্রার ৩১ দশমিক ৪২ শতাংশ ঋণ বিতরণ করেছে। আর আলোচ্য সময়ে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান কৃষিখাতে কোন ঋণই বিতরণ করেনি বলে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে।