আগামী মাসে মালয়েশিয়ায় তিনদিনের বাংলাদেশি পণ্যের মেলা অনুষ্ঠিত হবে। তৈরি পোশাক ও নিট পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করছে হেডমাস্টার ইভেন্ট। একক দেশীয় এ মেলার মাধ্যমে সেদেশের বাজারে বাংলাদেশের পোশাকের গুণগতমান ও তৈরি পোশাক শিল্পের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরা সম্ভব হবে বলে আয়োজকরা আশা করছেন। গতকাল বিজিএমইএতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি এসএম মান্নান কচি। এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, হেডমাস্টার ইভেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল ইসলাম, প্রধান অর্থবিষয় কর্মকর্তা সৈয়দ এম এস জাফরসহ বিজিএমইএ’র অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ থেকে ১৭ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ট্রেড ইন বাংলাদেশ’ নামের এ মেলা অনুষ্ঠিত হবে। এতে ২৪২টি স্টল ও প্যাভেলিয়ন থাকবে। এরমধ্যে বিজিএমইএ ও বিকেএমইএ প্রায় ২০টি স্টল ছাড়াও হ্যান্ডিক্রাফট, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশি অন্যান্য পণ্যের স্টল থাকবে।
মালয়েশিয়ায় পোশাক বাজারে রফতানিকারক দেশ হিসেবে আধিপত্য বিস্তার করছে চীন ও ভারত। এরপরই তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এরপরও মালয়েশিয়া সম্ভাবনাময়ী বাজার হওয়ায় এদেশের রফতানিকারকরা আশা করছেন শিগগিরই এ অবস্থানের পরিবর্তন হবে। এজন্য এ বাজারে প্রবেশের যথাযথ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে তারা মনে করছেন। এ মেলা মাধ্যমে সে সুযোগ তৈরি হওয়ার বিষয়ে আয়োজকরা আশাবাদী।
